নিখোঁজের তিন দিন পর যুবকের মুখ থেতলানো মরদেহ উদ্ধার 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২২:২০

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর সোহাগ হোসেন (২২) নামে এক যুবকের মুখ থেতলানো ও ডান চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান ফিলিং স্টেশনের পাশে ঝোঁপের মাঝে ফেলে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ উপজেলার চক বড়াইগ্রামের নাজমুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে আকাশ নামে এক প্রতিবেশী ট্রলি থেকে বালু নামানোর কাজের কথা বলে সোহাগকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে আকাশ একাই বাড়ি ফিরে আসে। আকাশের কাছে জানতে চাইলে সোহাগ পরে আসবে বলে জানায়। কিন্তু দুই দিনেও সে ফিরে না আসায় শুক্রবার সন্ধ্যায় নিহতের মা পারভীন বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সর্বশেষ শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয়রা একটি মরদেহ মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সোহাগের মরদেহ শনাক্ত করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, জিডির পর থেকেই আমরা তাকে উদ্ধারে তৎপর ছিলাম। কিন্তু শনিবার তার মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এপি