ভূখণ্ড পুনরুদ্ধারে কম্বোডিয়ায় নতুন করে থাইল্যান্ডের হামলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০২

কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ড নতুন করে হামলা শুরু করেছে, দেশটি জানিয়েছে যে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এই হামলা চালানো হয়েছে। 

দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়েছেন, তবে এই প্রচেষ্টা পদদলিত করে হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। 

রোববার (১৪ ডিসেম্বর) পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ হয়েছে।

এর আগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। এই দুই দেশের মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ঔপনিবেশিক আমলে ভাগ করা এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং সীমান্তবর্তী কিছু অঞ্চল নিজেদের বলে উভয় পক্ষই দাবি করে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত সেনার পাশাপাশি বেসামরিক মানুষসহ ২৫ জন নিহত হয়েছেন।

থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার এডমিরাল পারাখ রাত্তানচাইয়াপানের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম মাতিচোন অনলাইন জানিয়েছে, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে তারা নতুন সামরিক অভিযান শুরু করেছেন। ভোরে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে জানিয়ে এই নৌ কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় নতুন করে হামলা চালানো হয়েছে। 

থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে ওই অঞ্চলটি পুনরুদ্ধার করেছে। দেশটির পাবলিক টেলিভিশন থাই পিবিএস জানিয়েছে, হামলা চালানো স্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে দিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উড়িয়েছেন সেনারা। থাইল্যান্ডের আরেক সংবাদমাধ্যম টিভি-৩ জানিয়েছে, আজ রবিবার ভোর থেকে সেনা, নৌ এবং বিমানবাহিনী সীমান্তে যৌথ অভিযান শুরু করে। 

সর্বশেষ সংঘাতে কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি। কম্বোডিয়ানরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তাদের সীমান্তবর্তী পুরসাত প্রদেশের থামার দা এলাকায় গোলাবর্ষণ করেছে থাইল্যান্ড।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ