কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতির সময় নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নৈশপ্রহরীর নাম তপন কুমার সরকার (৫০)।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। এ সময় ডাকাতি ঠেকাতে গেলে নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে গুরুতর আহত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিষ্ঠানটির মালামাল লুট এবং আনুমানিক কয়েক লাখ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হবে।
