‘কথা বলার’ জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪১

সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টার পরে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। 

রাত সাড়ে আটটার দিকে আনিস আলমগীর বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। আটটার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন। তার সঙ্গে তখন পর্যন্ত ডিবি প্রধানের কথা হয়নি।

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে কেন ডিবি কার্যালয়ে নেওয়া হয়ে সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 
ইত্তেফাক/এমএস