তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক— বললেন শোয়েব আখতার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১১

২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। যা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির ডেলিভেরি। দীর্ঘ ২২ বছর ধরে সেই রেকর্ড এখনও অক্ষুণ্ণ। তবে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের চাওয়া তার এই রেকর্ডটা যেন ভেঙে দেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।

২০২৬ বিপিএল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব আখতার। সেই লক্ষ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই পাকিস্তানি কিংবদন্তি। সোমবার (১৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় সর্বোচ্চ গতির বোলিংয়ের রেকর্ড ভাঙার প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘তাসকিন আমার সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙে দিক।’

ঢাকা ক্যাপিটালসে অভিজ্ঞ তাসকিন আহমেদের পাশাপাশি আছেন তরুণ পেসার মারুফ মৃধা। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কাছে থেকে তাদের শেখার আছে অনেক কিছু।

তরুণ পেসারদের উদ্দেশ্যে শোয়েব আখতার বলেন, ‘পেসারদের প্রতি আমার উপদেশ, নিজেকে উপভোগ কর। লম্বা চুল, শার্ট, লম্বা গোঁফ থাকে অনেকের। রান আপের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ কর। নিজেকে উপভোগ কর ও মানুষকে দেখিয়ে দাও।’ 

তিনি আরও বলেন, ‘তোমার লক্ষ্য হওয়া উচিত কাউকে আঘাত না করে উইকেট নেওয়া। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা শচীন টেন্ডুলকার আমার প্রিয় খেলোয়াড়। তার হেলমেটে আঘাত করেছি। পাঁজর ভেঙে দিয়েছি। খারাপ লেগেছে আমার।’

ইত্তেফাক/জেডএইচ