বাংলাদেশেও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর নতুন ছবি

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৩৪

চোখ ধাঁধানো গতির খেলা আর দারুণ অ্যাকশনের জন্য জনপ্রিয় হয়ে ওঠা সিরিজের নতুন চলচ্চিত্র ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস; হবস অ্যান্ড শ’ মুক্তি পাচ্ছে আজ। বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শকরাও একইদিন থেকে দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।

ছবিটির শেষ সিক্যুয়েল মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর গত সিরিজগুলোর চোখ ধাঁধানো গতির খেলা আর ধুন্দুমার অ্যাকশনের সেই দৃশ্যগুলো নিশ্চয় চোখে লেগে আছে দর্শকদের। এ নিয়ে মোট ৮টি ছবি পর্দায় এসেছে এই ফ্রাঞ্চাইজির। সবগুলো ছবিই বক্স অফিস মাত করেছে। 

নতুন এই সিক্যুয়েলেও এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের মতো অ্যাকশন তারকাদের অভিনয়। এবার তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ইদরিস এলবা। তবে তাঁর চরিত্রটি নেতিবাচক। ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের বিপরীতে খল চরিত্রে দেখা যাবে তাঁকে। ডোয়াইন জনসন তাঁর চরিত্র লুক হবস চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ডেকার্ড শ’ হিসেবে। ছবিটির পাণ্ডুলিপি লিখেছেন ক্রিস মর্গান। ইউনিভার্সেল পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন নিল এইচ মরিটজ। সঙ্গে রয়েছে ডোয়াইন জনসনের সেভেন বাকস প্রোডাকশনস।