সোনাক্ষীর ‘খানদানি সাফাখানা’

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:৩৫

‘যৌনতা’ শব্দটি ভারতীয় উপমহাদেশে অনেকটা লজ্জা ও ভীতিকর। তবে পুরোনো এই চিন্তাধারায় কিছুটা পরিবর্তন আনবেন বলিউডের সোনাক্ষী সিনহা। তাঁর নতুন ছবি ‘খানদানি সাফাখানা’তেই তাঁর এভাবে দেখা মিলবে। ছবিটি মুক্তি পাচ্ছে ২ আগস্ট। এই ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এখন। এই সিনেমায় আরো রয়েছেন অভিনেতা বরুণ শর্মা ও সংগীতশিল্পী বাদশাহ।

খানদানি সাফাখানা ছবিতে সোনাক্ষী সিনহাকে দেখা যাবে যৌন রোগের চিকিত্সা করা হয় এমন একটি ক্লিনিকের মালিক হিসেবে। সেখানে চিকিত্সা নিতে যান অনেক পুরুষ রোগী। তবে বেশকিছু রোগী মন খুলে কথা বলতে পারেন না, কারণ চিকিত্সক নারী। নারী হিসেবে যৌনতা বিষয়ক ক্লিনিক চালাতে গিয়ে কোন কোন বাঁধার সম্মুখীন হবেন তা দেখা যাবে এই সিনেমায়। একইসঙ্গে ভিন্নধর্মী বার্তা খুঁজে পাবেন দর্শকরা। সোনাক্ষী চান মানুষ দ্বিধাহীনভাবে যৌনতা নিয়ে কথা বলুক।

পরিচালক শিল্পী দাশগুপ্তের এই ছবির প্রচারণায় ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়েছিলেন সোনাক্ষী। সেখানে তিনি বলেন, ‘আমার মা-বাবা চান আমি যেন সুশীল একটা ছেলের সঙ্গে প্রেম করি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয়। অতীতে ইন্ডাস্ট্রির একজনের সঙ্গে প্রেম ছিল, কিন্তু তাঁর পরিচয় আমি প্রকাশ করতে চাই না।’ তবে প্রেমজীবন সম্পর্কে সোনাক্ষী আরো বলেন, ‘এক সেলিব্রেটির সঙ্গে আমার প্রেম ছিল।  কিন্তু দুনিয়ার কেউ জানে না।’