বিক্ষোভকারীদের জন্য কলা-পাউরুটি নিয়ে সিদ্ধেশ্বরী থেকে শাহবাগে গৃহিণী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গত রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন ছাত্র–জনতা।

এই বিক্ষোভকারীদের জন্য সিদ্ধেশ্বরী এলাকা থেকে খাবার নিয়ে শাহবাগে ছুটে যান রাশিদা রহমান নামের এক গৃহিণী। নিজের জমানো অর্থ দিয়ে তিনি কলা, পাউরুটি, খেজুর ও শুকনো খাবার কিনে এনে আন্দোলনকারীদের মধ্যে বিতরণ করেন।

সকাল ১০টার দিকে শাহবাগে গণমাধ্যমের কথা হয় ৬০ বছর বয়সী রাশিদা রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার সন্তানতুল্য একজন ছেলে মারা গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। ওর মুখটা চোখের সামনে ভাসছে। সকালে উঠেই নিজের জমানো টাকা দিয়ে খাবার কিনেছি। ওসমান হাদি হত্যার প্রতিবাদকারীদের মধ্যে এগুলো বিতরণ করব।’

এদিকে কেউ মিছিল সহকারে, আবার কেউ স্বউদ্যোগে শাহবাগে জড়ো হচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকা, মুখে নানা স্লোগান। ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের আস্তানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।

ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান।

ইত্তেফাক/এনএন