চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ। এজন্য তিনি উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগও করেন। কিন্তু গত ২ অক্টোবর রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাইকালে মামলা সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
আবু সাইদ চাঁদের প্রার্থিতা বাতিল হতে পারে এই আশঙ্কায় বিএনপি থেকে আরও দু’জন এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান এবং বাঘা উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান খান মানিক। তারা দুজনই বিএনপি মনোনীত প্রার্থী বলে দাবি করছেন। এইজন্য কর্মী-সমর্থকরা বিপাকে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসা সরকার ভোলা জানান, আবু সাইদ চাঁদই এই আসনের চূড়ান্ত প্রার্থী। তার মনোনয়নপত্র বাতিল হলেও আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা ফিরে পাবেন বলে আমরা আশাবাদী।
