ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়াসহ কটূক্তি করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াসিন ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ শনিবার (২০ ডিসেম্বর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার কুটি এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াসিন কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের বাবরু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি তাকে ‘টেরোরিস্ট’ উল্লেখ করে মন্তব্য করে ইয়াসিন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। সর্বশেষ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাশ, সামাজিক যোগাযোগমাধ্যমে ওসমান হাদিছকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিন ভূঁইয়াকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। সর্বশেষ শনিবার আদালতের নির্দেশে ইয়াসিনকে কারাগারে পাঠানো হয়েছে।
