বিমা এজেন্টদের ১৫ শতাংশের বেশি কমিশন দিলে আইনি ব্যবস্থা

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:১৩

সাধারণ বিমা কোম্পানির প্রিমিয়াম সংগ্রহের জন্য বিমা এজেন্টদের ১৫ শতাংশের বেশি কমিশন দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিমা আইন ২০১০ অনুযায়ী প্রিমিয়াম সংগ্রহের জন্য বিমা এজেন্টকে ১৫ শতাংশের বেশি কমিশন বা আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে শেখ কবির হোসেন বলেন, অনেকে বেশি দিচ্ছেন। যারা আইন অমান্য করে এজেন্টদের ১৫ শতাংশের বেশি কমিশন দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নন-লাইফ বিমা কোম্পানিগুলো নানাবিধ সমস্যার কারণে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দেশের মানুষকে ঠিকমতো বিমা সেবা দিতে পারছে না। বক্তারা বলেন, কোনো নন-লাইফ ইন্সুইরেন্স কোম্পানিতে কমিশন ভিত্তিতে কর্মচারীও নিয়োগ দেওয়া যাবে না। এবং এ ধরনের নিয়োগ থাকলে তা বাতিল করতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আফতাবুল ইসলাম, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান এম জি কুদ্দুছ, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান কাজী সাকাওয়াত হোসেন লিন্টু, বিআইএ-এর নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ, মো. জালালুল আজিম, ফারজানা চৌধুরী প্রমুখ।