বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের তরুণ ব্যবসায়িক গোষ্ঠী যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার ব্রিটিশ হাইকমিশনে ব্রিটিশ বিজনেস গ্রুপ আয়োজিত এক চা-চক্রে এ সব কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। বৈঠকে সভাপতিত্ব করেন ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান ফ্রাঙ্কোয় ডি মেরিকোর্ট এবং ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অবস্থান করছে এবং এখন সময় এসেছে এগিয়ে যাবার। তিনি বলেন, ব্রিটিশ সংস্থাগুলোর উচিত বাংলাদেশে বিনিয়োগ করা এবং তরুণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য সুযোগ সৃষ্টি করে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করা।
ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট বলেছেন, যুক্তরাজ্য বৃহত্তম বিনিয়োগকারী সংস্থাগুলো বাংলাদেশে বিনিয়োগ করছে এবং তারা দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখছে। রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশে ব্রিটেনের বিনিয়োগকারীরা আরো বিনিয়োগ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
