পৃথক কেমিক্যাল জোন স্থাপনের দাবি

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:১৫

রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক একটি কেমিক্যাল জোন স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ পেইন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পসচিব মো. আবদুল হালিমের সাথে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সভায় এই দাবি জানানো হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি রুপালি হক চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্বে দেন।

এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিএসটিআইর স্ট্যান্ডার্ড প্রতিপালনপূর্বক সিএম লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের আদেশটি পাঁচ বছরের জন্য স্থগিতের দাবি জানান। এ প্রসঙ্গে শিল্প সচিব বলেন, ব্যবসায়িক স্বার্থেই রং উত্পাদনকারী প্রতিষ্ঠানসমূহকে স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে এবং সেটি বজায় রাখতে হবে। দেশীয় পণ্যের মান খারাপ হলে বিদেশি পণ্য বাজার দখল করে নেবে। কোন বিষয়ে কতদিন সময় প্রয়োজন সেটি বিস্তারিত প্রতিবেদন আকারে প্রেরণ করা হলে তা বিএসটিআইর কাউন্সিলের সভায় উত্থাপন করা হবে বলে জানান শিল্প সচিব। দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইর পক্ষ হতে এ বিষয়ে ল্যাবরেটরি সহায়তাসহ সবধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেন সচিব।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইর মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুলতান মাহমুদ, যুগ্মসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএসটিআইর পরিচালক  এস এম ইসহাক আলী প্রমুখ।