দাসিয়ারছড়া ছিটমহল বিলুপ্তির চার বছর পূর্তি

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৪

শৃঙ্খলিত জীবনের ৬৮ বছরের যন্ত্রণাদায়ক গ্লানি থেকে মুক্তি পেয়েছিল বিলুপ্ত ছিটমহলবাসীরা। সেই ক্ষণটি উদযাপন করতে এ বছরও ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্বলন করে চার বছর পূর্তি অনুষ্ঠান পালন করল দেশের বৃহত্তম বিলুপ্ত ছিটমহলবাসী দাসিয়ারছড়ার মানুষ। ভারতীয় সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার অভ্যন্তরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের মাঝখানে অবস্থান বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার। মোমবাতি প্রজ্বলন করেন কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন, দাসিয়ারছড়াবাসী নুর-আলম মিয়া প্রমুখ।