সদরপুরে চিফ হুইপ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের ত্রাণ বিতরণ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৪

সদরপুরের চরমানাইড় ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার প্রমুখ।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ২০০ জনের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে চরবন্দরখোলা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, সদরপুর ও শিবচর এলাকার জনগণ প্রতিবছর নদী ভাঙন, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান সরকার যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছে ও আগামীতে থাকবে। ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে। যতবড় দুর্যোগ আসুক না কেন, বর্তমান সরকার তা মোকাবিলা করে জনগণের পাশে আছে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। সেই খাদ্য দিয়েই আমরা সমস্ত দুর্যোগ মোকাবিলা করব ও শত বছরের ঐতিহ্যবাহী চরবন্দরখোলা সিনিয়র ফাজিল মাদ্রাসাটি ভাঙনের কবল থেকে রক্ষা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ওসি সৈয়দ লুত্ফর রহমান, পিআইও মুহাম্মদ এহসানুল হক প্রমুখ।