মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, স্ত্রী-কন্যা আহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩

মেহেরপুরে ৮ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তুহিন হোসেন (৩০) নামে আরও এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী তমা খাতুন ও শিশু কন্যা তানহা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গাংনী–কুথিলী সড়কে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ

নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার করমদী গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। পথে ভাটপাড়া–বাঙ্গালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির স্যালো ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তুহিন হোসেন প্রাণ হারান।

গুরুতর আহত তমা খাতুন ও শিশু তানহাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন জানান, আহত মা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আরও এক যুবক নিহত হন।

ইত্তেফাক/এপি