পারিবারিক কলহের জেরে পাকুন্দিয়ায় ছোটো ভাইয়ের ছুরির আঘাতে বড়ো ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার পুলেরঘাট বাজার মসজিদ সংলগ্ন মুচি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন রবিদাস (৩৮) ও ঘাতক আনন্দ রবিদাস (৩২) উভয়েই গোলাপ চান রবিদাসের ছেলে। পুলিশ ঘাতক চন্দন রবিদাসকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ছোট ভাই আনন্দ রবিদাস বসত ঘর থেকে একটি ছুরি এনে বড় ভাই চন্দন রবিদাসকে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই চন্দন রবিদাস নিহত হন। খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আনন্দ রবিদাসকে আটক করে এবং লাশ উদ্ধার করে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মু.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছোট ভাই বড় ভাইকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। নিহতের বুকে দুটি ও কপালে একটি ছুরির আঘাত রয়েছে। ঘাতক আনন্দ রবিদাসকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
