খুলনায় ধারের এক হাজার টাকা শোধ না করায় ছেলের ইটের আঘাতে বাবা ওবায়দুর রহমান মুসল্লী (৬৫) মারা গেছেন। এ সময় বাবার ধারালো দায়ের কোপে জখম হন ছেলে নাইস মুসল্লী (২০)।
বুধবার রাতে নগরীর খালিশপুর থানার রমজানের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বুিরুল আলম জানান, নাইস মুসল্লীর কাছ থেকে তার বাবা ওবায়দুর রহমান মুসল্লী তিন হাজার টাকা ধার নিয়েছিলেন। তিনি দুই হাজার টাকা শোধ করলেও এক হাজার টাকা বাকি ছিল। বুধবার রাতে নাইস মুসল্লী তার বাবার কাছে পাওনা এক হাজার টাকা দাবি করেন। এ সময় তিনি টাকা দিতে না পারায় বাকবিত্লা হয়। একপর্যায়ে উত্তেজিত বাবা ওবায়দুর মুসল্লী ছেলে নাইসকে ধারালো দা দিয়ে কোপ দেন। নাইস মুসল্লীও ইট দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে তারা দুজনই আহত হন। পরে বাবা-ছেলে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা নিয়ে বাসায় ফিরে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বাবা ওবায়দুর রহমান মুসল্লী মারা যান। বাবার মৃত্যুর পর থেকে ঘাতক ছেলে নাইস মুসল্লী পলাতক রয়েছেন।
ওসি জানান, ওবায়দুর রহমান মুসল্লীর লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে ।
