বাঘায় ফেনসিডিল জব্দ

ভারতীয় নাগরিকসহ আটক সাত

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:২৯

রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক নারী, পিতা-পুত্র এবং ভারতীয় নাগরিকসহ তিন বস্তা (৬০০ পিস) ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার আলাইপুর গ্রামের হামিদুল ইসলামের বাড়ির পেছন থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি নুরে আলম।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল ওহাব জানান, বুধবার রাত ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা সীমান্ত এলাকার আলাইপুর কান্দিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী হামিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। হামিদুলের ঘরের পেছন থেকে তিন বস্তায় মোট (৬০০ বোতল) ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় হামিদুল ইসলামসহ উপজেলার মীরগঞ্জ এলাকার ভানুকর গ্রামের হাফিজুল ইসলাম, তার পুত্র জনি আহাম্মেদ, একই গ্রামের মাসুদ রানা, ভারতীয় নাগরিক হাবিবুর রহমান, পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাদক ব্যবসায়ী হাবিবুরের স্ত্রী তারা বেগম এবং জয়পুরহাটের কালাই উপজেলার মাইক্রোচালক সাজু ড্রাইভারকে আটক করে পুলিশ। সেইসঙ্গে জব্দ করেন একটি মাইক্রো ও একটি মোটরসাইকেল। তবে মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান পালিয়ে যায়।

সার্বিক বিষয়ে বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র এএসপি নুরে আলম বলেন, ৬০০ বোতল ফেনসিডিলসহ আটক সাতজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।