বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮

রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সৃষ্ট বর্জ্য-আবর্জনা অপসারণে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করছে বিএনপি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত অভূতপূর্ব জনসমাবেশে ওই সব এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা অপসারণে স্বেচ্ছাশ্রমে মাঠে নামবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান। বিমানবন্দর থেকে সংবর্ধনামঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথজুড়ে মানুষের ঢল নামে। পরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ বিষয়ে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। তিনি লেখেন, জনস্বার্থ বিবেচনায় জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা অপসারণে আজ সকালে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

এই উদ্যোগে অংশ নেওয়া নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের আগাম ধন্যবাদ জানান মাহদী আমিন। একই সঙ্গে গতকালের গণজোয়ারে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

ইত্তেফাক/এনএন