‘আমি বঙ্গবন্ধুর কথা মায়ের কাছে শুনেছি। বইতে পড়েছি। কিন্তু এখানে ছবিগুলো দেখতে ভালো লাগছে। বঙ্গবন্ধুকে যেন কাছ থেকে দেখার অনুভূতি হচ্ছে’ বলছিলেন প্রদর্শনী দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন সালাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতীয় চিত্রশালার এক নম্বর গ্যালারিতে শুরু হয়েছে আলোকচিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।
বাঙালির প্রাণপ্রিয় নেতার ছবি দেয়াল জুড়ে। অতি পরিচিত কিন্তু একেক জন শিল্পীর চোখে বঙ্গবন্ধু নানা মাত্রায় উদ্ভাসিত। কোথাও তার দৃপ্ত ভঙ্গিমা, কোথাও তিনি চিন্তামগ্ন, কোনো কোনো ক্যানভাসে তার অতি পরিচিত ছবিগুলোকেই ক্যানভাসে আঁকা হয়েছে।
গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ে শাহজাহান আহমেদ বিকাশের চিন্তামগ্ন বঙ্গবন্ধু। আবিদা সুলতানার কালো ক্যানভাসে রক্তাক্ত পায়রা—প্রতীকীভাবে উঠে এসেছে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনা। দুলাল গাইনের ছবিতে নদীর ঘাটে জলের স্রোতধারার মাঝে ভাসছে নৌকা, সেই নৌকার পানে চেয়ে আছেন জাতির জনক। লাল সবুজ জমিনের মাঝে শিশুর বেদনার্ত মুখ ছবির ওপরের দিকে রয়েছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমা ছবি, শিল্পী কামালুদ্দিনের ক্যানভাসে এভাবেই ধরা দিয়েছেন বঙ্গবন্ধু। এছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে শতাধিক শিল্পীর ছবি। এদের মধ্যে রয়েছেন অভিশংকর গায়েন, কিরীটি রঞ্জন বিশ্বাস, এস এম ময়েজ উদ্দিন, শেখ আফজাল, আনিসুজ্জামান, আব্দুল মান্নান, বিপুল কুমার মার্লো, মৃণাল কান্তি দাস, প্রদ্যুত্ কুমার দাস, রফিকুল ইসলাম, জাহিদ মোস্তফা, আলপ্তগীন তুষার, মাকুসুদুল আহসান প্রমুখ।
চিত্রকর্মের পাশাপাশি বঙ্গবন্ধুর নানা সময়ের আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। এসব ছবি একেকটি ঐতিহাসিক দলিল। মাত্র সাড়ে তিন বছরের সরকার পরিচালনার সময় বঙ্গবন্ধু দেশ পরিচালনার সময় অগণিত কাজ করেছেন; কালের সাক্ষী হয়ে রয়েছে ছবিগুলো। এসব আলোকচিত্রে উঠে এসেছে— বঙ্গবন্ধুকে ফুল ও ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন স্কুলের শিক্ষার্থীরা। সেনেগালের প্রেসিডেন্টের সঙ্গে বঙ্গবন্ধু, সংসদে উত্থাপিত খসড়া সংবিধানে স্বাক্ষর দিচ্ছেন আহত মুক্তিযোদ্ধার খোঁজখবর নিচ্ছেন, চীনের সফররত প্রধানমন্ত্রী চৌ এন লাইকে স্বাগত জানাচ্ছেন ও বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিদায় জানাচ্ছেন। এছাড়াও, মা-বাবা, পরিবারের সঙ্গে বঙ্গবন্ধুর বেশকিছু ছবি স্থান পেয়েছে প্রদর্শনীতে। রয়েছে বঙ্গবন্ধুর বড়ো কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশকিছু ছবি। প্রদর্শনী চলবে আগস্ট মাস জুড়ে। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।
