যুদ্ধাপরাধের অভিযোগে আনা মামলায় ৭২তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক বাসসকে গতকাল এ কথা জানান। ধানমন্ডিস্থ নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ৭২তম এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। আসামিদের বিরুদ্ধে ৬টি অভিযোগে মোট ২৩৮ প্রষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সানাউল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর ডিমলা, ডোমার ও জলঢাকার মোট ৯ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আসামিরা হচ্ছেন মো. আব্দুস সাত্তার, বকসু মিয়া ওরফে মো. মোকসু মিয়া মজুমদার, মো. আব্দুল মালেক, মো. মোকলেছার রহমান ওরফে খোকা, মো. শহীদুল্লাহ সরকার, মো. নুরুল হক, জবেদ আলী এবং মো. শাহাদত্ হোসেন। তিনি জানান, এ মামলায় ১০ আসামির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে এক জনের মৃত্যু হয়। আর ৯ জনের মধ্যে এখনো একজন পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন ৪৬ জনকে আটক, ২৫ জনকে অপহরণ, তিন জনকে ধর্ষণ, ১৫ বাড়ি-ঘর ভাঙচুর ও সাত জনকে হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়। এ মামলায় ২০১৭ সালের ২০ নভেম্বর থেকে তদন্ত শুরু হয়ে গতকাল ১ আগস্ট শেষ হয়।
