মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পিতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
তার আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে পুরো প্রাঙ্গণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা।
দুপুর ২টা ৫২ মিনিটে বাসা থেকে বের হন তারেক রহমান। পথে নেতাকর্মীদের ঢল থাকায় বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি পৌঁছান জিয়াউর রহমানের মাজারে। সেখানে মোনাজাত শেষে সাভারের পথে রওনা দেন।
সূর্যাস্তের কারণে রীতি মেনে তার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। তবে দলীয় সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাতে তারেক রহমানও স্মৃতিসৌধে যাচ্ছেন।
