আগস্টে জঙ্গি-সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে ওঠে, সতর্ক থাকুন

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগস্ট মাস এলেই জঙ্গি ও সাম্প্রদায়িক অপশক্তি সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে নেত্রীকে নিয়ে বিপদের আশঙ্কা থাকে, অশুভ তত্পরতা জেগে ওঠে। হারানোর বেদনা আবারও নতুন করে কাউকে হারানোর আশঙ্কা তৈরি করে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল দুপুরে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের ট্রাজেডির পরও আমরা গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে বিভিন্ন দলের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে চেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর শাহাদত দিবসে যারা ভুয়া জন্মদিনের কেক কেটে আমাদের বুকের রক্তক্ষরণ উস্কে দেয়, তাদের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখি। নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের নেপথ্য নায়কের চেহারাও স্বরূপে উদ্ঘাটিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃৃত ও পুনর্বাসিতই করেননি, এ হত্যকাণ্ডের যাতে বিচার না হয় সেজন্য ইনডেমনিটি বিল জারি করে তা সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন।

ওবায়দুল কাদের পরে সংবাদ চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।