বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নীলনকশা প্রণয়নকারীদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন —তথ্যমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৩

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কমিশন গঠন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নীলনকশার সঙ্গে জড়িতদের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ক্লিনিক ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িতদের ক্ষমতায় বসানো, ইনডেমনিটি অধ্যাদেশ পাশ করাই প্রমাণ করে যে, সবকিছুর সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। পরে মন্ত্রী ডিজিটাল ডিসপ্লেতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র ও সেই সময়ের পত্রপত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর আলোকচিত্রসমূহ ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আবদুল মালেক, প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।