বাইক দিয়ে মশার ওষুধ ছিটাচ্ছে ডিএনসিসি

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২১:৪৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশা নিধনে গতানুগতিক পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক পদ্ধতি অনুসরণের উদ্যোগ গ্রহণ করেছে। মশা নিধন কর্মীরা সাধারণত পিঠে ওষুধের সিলিন্ডার বহন করে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় ওষুধ প্রয়োগ করেন। মোটরবাইকে মশা নিধনযন্ত্র স্থাপন করে মশা নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসি সূত্রে জানা যায়, শুরুতে পরীক্ষামূলকভাবে ১০টি অঞ্চলের প্রতিটিতে ১টি করে মোটরবাইক-কাম-মশক নিধনযন্ত্র দেওয়া হয়। প্রতিটি বাইকে দুইজন কর্মী থাকেন। একজন বাইকটি চালান, অন্যজন পিছনে বসে মশার ওষুধ প্রয়োগ করেন। প্রতিটি বাইকের মাধ্যমে ঘণ্টায় প্রায় সোয়া দুই কিলোমিটার ওষুধ প্রয়োগ করা যায়।

বুধবার গুলশানে মশক নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এ ধরনের একটি মোটরবাইক দেখে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, এতে সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে। এ ধরনের মোটরবাইক-কাম-মশক নিধনযন্ত্র পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। তিনি আরো বলেন, মশক নিধন কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের আধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে। মশক নিধন কর্মীদের জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে জিপিএস ট্র্যাকার স্থাপনের কাজটিও প্রায় চূড়ান্ত।