আজ ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধের ডাক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০০

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার (২৮ ডিসেম্বর) সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।  

পোস্টে বলা হয়, 'রোববার সকাল ১১ টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শহিদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান।'

এদিকে শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয় দিনের মতো ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগ মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছেন।

বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত শাহবাগ এলাকা। আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা স্লোগান দিচ্ছেন।

ইত্তেফাক/এমএএম