ইয়েমেনের বন্দর নগরী এডেনে পৃথক হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা বাহিনী ও মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর ওয়াশিংটন পোস্ট ও খালিজ টাইমসের
প্রথম হামলার ঘটনাটি ঘটে এডেনের আল গালা ক্যাম্পের কাছে সামরিক কুচকাওয়াজ চলার সময়। সেসময় ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়। বাকিরা একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী হামলায় নিহত হয়। গালা ক্যাম্পটি সৌদি নেতৃত্বাধীন জোটের অধীনে পরিচালিত হয়। এখান থেকে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে আসছে। ঐ হামলায় অর্ধশতাধিক লোক আহত হয়। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার দায় স্বীকার করা হয়েছে।
হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়েহিয়া সারিয়া বলেন, তাদের যোদ্ধারা ঐ ক্যাম্পে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এতে ৪০ জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক বেসামরিক লোকও রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে একটি পুলিশ স্টেশনের কাছে।
এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক নিয়ে ঐ পুলিশ স্টেশনে হামলা চালালে ১১ জন নিহত হয়। হুতি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরাহ টিভি চ্যানেলের এক খবরে বলা হয়েছে, তাদের সদস্যরা সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।
