গত মাসে জাতিসংঘ আদালত কুলভূষণের মৃত্যদণ্ড পুনর্বিবেচনা করতে বলে কুলভূষণ যাদবকে শুক্রবার কনস্যুলার অ্যাক্সেস দিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের সেই সিদ্ধান্ত খতিয়ে দেখবে ভারত। আন্তর্জাতিক আদালতের রায় মেনে নিয়ে, শুক্রবার কুলভূষণ যাদবকে ভারতের কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক প্রশাসনের তরফে জানানো হয়, শুক্রবার কুলভূষণের সঙ্গে দেখা করতে পারবেন ভারতীয় কূটনীতিকরা। ১৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে বলা হয়, কলভূষণ যাদবের মৃত্যুদণ্ড অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। আন্তর্জাতিক আদালতের সেই রায় ছিল ভারতের কাছে বড় জয়। পাশাপাশি তাকে ভারতের কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্যও পাকিস্তানকে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত।
ভারতের তরফে আন্তর্জাতিক আদালতে বলা হয়, কুলভূষণ যাদবকে ভারতের কনস্যুলার অ্যাক্সেস না দিয়ে ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের সেই যুক্তির সঙ্গে একমত হয় আন্তর্জাতিক আদালত। আদালতের তরফে বলা হয়, কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড ততক্ষণ পর্যন্ত স্থগিত থাকবে, যতক্ষণ পর্যন্ত না পাকিস্তান কার্যকরভাবে, রায় এবং সাজার বিষয়টি পুনর্বিবেচনা করে খতিয়ে দেখবে”। কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের পরেই ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “সত্য ও ন্যায়বিচারের প্রকাশ হয়েছে। আমি নিশ্চিত, ন্যায়বিচার পাবেন কুলভূষণ”।
২০১৭-এর এপ্রিলে “গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ”-এর অভিযোগে ৪৯ বছর বয়সী ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দেয় পাক সামরিক আদালত। সেই সাজার ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত।
