আল কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন মারা গেছেন। যুক্তরাষ্ট্র এমনটি বিশ্বাস করে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।
বেনামি সূত্রগুলোর তথ্য নিয়ে করা প্রতিবেদনগুলোতে হামজা কবে, কোথায় নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি। এ বিষয়ে প্রথম প্রতিবেদনগুলো এনবিসি ও নিউ ইয়র্ক টাইমস করেছে বলে জানিয়েছে তারা। হামজার বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হয়। প্রকাশিত অডিও ও ভিডিও বার্তায় হামজা যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোতে হামলার ডাক দিয়েছিল। বুধবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা হামজার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।’ ২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের অভিযানে ওবামা বিন লাদেন নিহত হন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে অভিযানে হামজার মৃত্যু হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা ছিল। গত দুই বছরের মধ্যে ঐ অভিযানটি চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পাকিস্তানে ২০১১ সালে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। ঐ সময় হামজা ইরানে গৃহবন্দি ছিলেন বলে ধারণা করা হয়। ওসামা যে বাড়িতে নিহত হন সেখান থেকে পাওয়া নথিপত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ওসামার সহযোগিরা ছেলেকে তার বাবার কাছে নিয়ে আসার চেষ্টায় ছিল। অন্যান্য প্রতিবেদনে তার আফগানিস্তানে, পাকিস্তানে ও সিরিয়ায় অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।
