অপপ্রচার রোধে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চাইল বিএনপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

এআই বা প্রযুক্তির অন্যান্য মাধ্যম ব্যবহার করে যদি কেউ অপপ্রচার করে কিংবা মানহানিকর কিছু করে, তা ঠেকাতে নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা চেয়েছে বিএনপি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ কথা বলা হয়। 

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, উন্নয়ন, সমৃদ্ধি সবকিছুতেই টেকনোলজি গুরুত্বপূর্ণ।

কিন্তু এর অপব্যবহার সমাজ, সভ্যতা বা উন্নয়ন সবকিছুর জন্য ক্ষতির কারণ। কাজেই যদি এআই বা টেকনোলজির অন্যান্য মাধ্যম ব্যবহার করে কেউ অপপ্রচার করে কিংবা যদি কেউ মানহানিকর কিছু করে, তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন যেন শক্ত ভূমিকা রাখে। ইসি, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলির নিজস্ব মেকানিজম আছে। তারা সবাই মিলে এ ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আও সক্রিয় হবেন বলে তারা বলেছেন।
 
‘আমরা বলেছি এটা বন্ধ করার প্রক্রিয়া সময়সাপেক্ষ। কিন্তু যদি খুব দ্রুত ফ্যাক্টচেক করে ফেক বিষয় চিহ্নিত করেন, তাহলে নেতিবাচক প্রচারণাটা কম ক্ষতিকারক হবে। শুধু ভদ্রসম্মত কাজে তো হয় না। সেজন্য যারা এসব কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।

ইত্তেফাক/এনএ