শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আন্দোলন শুরু হওয়ার পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ - এমন নানা স্লোগান দিতে থাকেন। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা।
এর আগে, রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশ করে আন্দোলন সাময়িক স্থগিত করেছিলেন। এ সময় তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
