বগুড়া-৪ আসন

আমজনতার দলের হয়ে নির্বাচন করছেন হিরো আলম, বললেন ‘গানম্যান প্রয়োজন’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭

আমজনতার দলের হয়ে নির্বাচন করছেন হিরো আলম, বললেন ‘গানম্যান প্রয়োজন’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি আমজনতার দলের থেকে প্রার্থী হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন। হিরো আলম জানান, বিকেল ৫টার মধ্যেই মনোনয়নপত্র পূরণ করে জমা দেবেন।

মনোনয়ন উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিরো আলম বলেন,

“আমি সবসময় হামলা ও মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তার অভাব মনে করে গানম্যান চাইছেন।”

তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।”

হিরো আলম বলেন, “অনেকে আমাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় তার প্রতি সম্মান জানিয়ে আমি সেখানে নির্বাচন করছি না।”

তিনি জানান, আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছেন এবং এবারও একই আসন থেকেই ভোটের মাঠে থাকছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে এবং ২০২৩ সালে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

ইত্তেফাক/এএম