নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৬

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েছেন তিনি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ সময়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিলেও আর জমা দেননি।

বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। এবার ঢাকা-৮ আসনের প্রার্থী নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। রবিবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী’। যদিও কোন প্রার্থী, তার নাম তিনি উল্লেখ করেননি।

এবারের নির্বাচনে যে আসনগুলো আলোচনায় রয়েছে, তার মধ্যে অন্যতম ঢাকা-৮ আসন। এখানে প্রার্থী হতে চেয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এখানে প্রার্থী হয়েছে। এ আসনের আরেক আলোচিক প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার যুদ্ধ চলছে নির্বাচনের শুরু থেকেই। এখানে গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমও মাথায় মুকুট পরে প্রচারণা করে আলোচনায় আসেন। সবমিলিয়ে আসনটিতে অন্তত ১১ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে।

ইত্তেফাক/এনএ