ক্রিকেট ক্যারিয়ারে চোটের সঙ্গে লড়াই করেছেন প্রতিনিয়ত, বিরূপ সময়েও হাল ছেড়ে দেননি; সেই পথ পেরিয়ে জনপ্রতিনিধি হওয়ার পর এবার ডেঙ্গু রোগ থেকে নিজের নির্বাচনী এলাকার মানুষকে রক্ষায় নামলেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের সদর ও লোহাগড়ায় ডেঙ্গু রোগ শনাক্তে উপকরণ পাঠিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক; চিকিত্সায় সরকারি খরচের বাইরে অন্য ব্যয় বহনের দায়িত্বও নিয়েছেন তিনি। মাশরাফি বলেছেন, ডেঙ্গু রোগীদের যে কোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যাবে। এবার বর্ষার শুরুতেই মশাবাহিত রোগ ডেঙ্গু ঢাকায় প্রকট আকার ধারণ করে, তা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশের প্রায় সব জেলায়। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সচিবালয়ে গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনের সঙ্গে দেখা করতে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।
কোরবানির ঈদে ঢাকা থেকে অনেকে বাড়ি যাবেন, তখন ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে বলে শঙ্কা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন এই বিষয়ে আগে থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাতে। সেখানে উপস্থিত একজন বলেন, ‘সচিব তখন আশ্বাস দেওয়ার পাশাপাশি বলেন, প্রক্রিয়াগত কারণে একটু সময় লাগতে পারে। তখন মাশরাফি বলেন, ঠিক আছে, আমার নির্বাচনী এলাকার দায়িত্ব আমি নিলাম।’
