ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে: রুমিন ফারহানা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন,

“আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। আল্লাহর এ পরিকল্পনায় আমার বাবা অলি আহাদ ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আর আজ ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল মানুষের বোধগম্য নয়।”

নিজের নির্বাচনী সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন,

“মানুষের চোখে আমি আশা, ভালোবাসা ও আস্থার প্রতিফলন দেখতে পাচ্ছি। মানুষের যে ভালোবাসা ও বিশ্বাস আমার প্রতি রয়েছে, তার উপযুক্ত প্রতিদান দিতে চাই।”

মনোনয়ন জমা দেওয়ার সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই আসন থেকে বিএনপি-জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবীব মনোনয়নপত্র জমা দেন।

ইত্তেফাক/এএম