সততার কমতি নেই অভিজ্ঞতার ঘাটতি আছে -----------উত্তর সিটি মেয়র

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২২:৩৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের সততার কমতি নেই। তবে অভিজ্ঞতার ঘাটতি আছে। যে কারণে ডেঙ্গু নিরাময়ে কলকাতার অভিজ্ঞতা কাজে লাগাতে সেখানকার ডেপুটি মেয়র কার্যালয়ের এক কর্মকর্তা শিগগিরই বাংলাদেশে আসবেন।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও চিকিত্সকদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।        মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী রবিবার ভারত থেকে বিশেষজ্ঞ দল আসবে। কলকাতায় ডেঙ্গু নিয়ে যিনি কাজ করেছেন, তার নাম অনিক ঘোষ। আগামী রবিবার তিনি বাংলাদেশে আসবেন বলে কথা দিয়েছেন।

ডেঙ্গু নিয়ে কোনো বাণিজ্য না করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে মূল্য তালিকা দিয়েছে, সে অনুযায়ী ফি নেবেন। সব রোগীকে মশারির ভেতর রাখবেন। যে এলাকায় ডেঙ্গু হয়েছে অথবা ডেঙ্গু রোগী থাকেন, খবর দিলে আমরা সেখানে স্প্রে করে দেব।

মেয়র আরো বলেন, ডেঙ্গু রোগের জন্য অবশ্যই ৩৬৫ দিনই গবেষণা করতে হবে। এটা সিজনাল না, যে কোনো সময় আসতে পারে। তাই এটি নিয়ে জাতীয়ভাবে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা দরকার।