জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এইচ এম এরশাদ জনগণের সমর্থন ছাড়া কখনো কিছু করেননি। একটা সমালোচনা রয়েছে—ওনার ক্ষমতা গ্রহণটা ব্যাকরণসম্মত হয়নি। কিন্তু আমি বলব তখন প্রায় শতভাগ লোক এটাকে সাধুবাদ জানিয়েছিল, সমর্থন দিয়েছিল। দেশের মানুষ যে এরশাদের কর্মকাণ্ডকে সমর্থন করেছে সেটি তার জানাজায় ব্যাপক লোক সমাগমের মাধ্যমেই প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাপা আয়োজিত এরশাদের স্মরণসভায় এসব কথা বলেন তার সহোদর।
জি এম কাদের বলেন, ‘সংবিধানের একটি জিনিস আমরা কখনো প্রতিপালন করিনি। সেটি হচ্ছে সর্বস্তরে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা শাসনকার্য পরিচালিত হবে। এরশাদ উপজেলা চালু করে সেটি করেছিলেন। উনি যখন উপজেলা চালু করেন তখন অনেক প্রতিবাদ হয়েছিল। কিন্তু এতদিনে অনেকে সেটির যৌক্তিকতা অনুধাবন করতে পারছেন। ওনার অনেক কর্মকাণ্ড মাইলফলক হয়ে থাকবে। অনেক নেতা ছিলেন, কিন্তু কেউ সর্বস্তরে বাংলা চালু করতে পারেননি। ওনার আগে পর্যন্ত কাগজে-কলমে ছিল রাষ্ট্রভাষা বাংলা। উনি আইনিভাবে বাংলাকে প্রতিষ্ঠিত করেছেন।’
জাপা চেয়ারম্যান বলেন, অনেকে বলছেন জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ বেশি শক্তিশালী। আমরা এই শক্তিকে নিয়ে এগিয়ে যাব, তার কর্মকাণ্ডকে মানুষের সামনে তুলে ধরব। আমার বিশ্বাস এটা মানুষ গ্রহণ করবে। আর আমরা যে কোনো উচ্চতায় উঠতে পারব। ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙা, দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী ও অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন দে, সবুজবাগ থানা জাপার সভাপতি এম এ কাইয়ুম প্রমুখ।
