চার সাংবাদিককে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৪

বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা ৯ মামলায় ফেনীর চার সাংবাদিককে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। তারা হলেন—দৈনিক ফেনীর সময়’ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন, ‘বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম’র স্টাফ করসপনডেন্ট সোলাইমান হাজারী ডলিম, দৈনিক স্টার লাইন ও সময়ের আলোর প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী ও দৈনিক অধিকারের স্থানীয় প্রতিনিধি এস এম ইউসুফ আলী।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন। তিনি জানান, নুসরাত জাহান হত্যা মামলার তদন্তে পুলিশের উদাসীনতা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে খবর প্রকাশ করায় পুলিশ অভিযোগপত্রে এই চার সাংবাদিকের নাম জড়িয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশ ফেনী সদরসহ চারটি থানায় ৯টি মামলা করেছিল। এসব মামলার এফআইআরে তাদের নাম ছিল না। গত ৭ থেকে ১২ মের মধ্যে সব কটি মামলায় গোপনে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।