ষষ্ঠ আদমশুমারি হবে ২০২১ সালে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২০২১ সালে ষষ্ঠবারের মতো দেশে আদমশুমারি করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই শুমারিতে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হবে। ষষ্ঠ আদমশুমারির প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ইতোমধ্যে শুরু করেছে বিবিএস। এরই অংশ হিসেবে গতকাল আয়োজন করা হয় ‘পপুলেশন এন্ড হাউজিং সেনসাস ২০২১ : প্রসপেক্ট এন্ড চ্যালেঞ্জ’ শীর্ষক এক কর্মশালা। আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, আসছে আদমশুমারিতে টেকসই উন্নয়ন অভীষ্টর (এসডিজি) সঙ্গে সম্পর্ক রেখে গণনা কার্যক্রমেও পরিবর্তন আনা হবে। এসডিজির ১০টি মূল লক্ষ্যের ২৫টি তথ্য উঠে আসবে এ শুমারির মধ্য দিয়ে। শুমারিটি সঠিকভাবে পরিচালনার জন্য প্রথমবারের মতো একটি মাস্টার প্লান তৈরি করা হয়েছে। সরাসরি সাক্ষাত্কারের ভিত্তিতে তথ্য সংগ্রহের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাব, কল সেন্টার ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। যারা আদমশুমারিতে তথ্য দেবেন তারা পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানতে পাবেন তাদের গণনা করা হয়েছে কিনা। পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ইউএনএফপিএ-এর বাংলাদেশ প্রতিনিধি। কর্মশালায় মূল উপস্থাপনা পেশ করেন আদমশুমারি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার। মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তাদেরও আদমশুমারিতে অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য জননিরাপত্তা বিভাগ ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে শুমারির কাজ করতে হবে। প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার বলেন, যারা স্বল্প মেয়াদে বিদেশে বসবাস করছেন বা বিদেশে নাগরিক নয় এমন বাংলাদেশিদের শুমারিকালীন তথ্য সংগ্রহ করা হবে।