নৌ মন্ত্রণালয়ের কর্মীদের ঈদের ছুটি বাতিল

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৬

দেশের বিভিন্ন এলাকায় বন্যার কথা বিবেচনায় রেখে নৌ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট তিন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবার ঈদে ছুটি কাটাতে পারবেন না। ঈদ উত্সব উদ্যাপন উপলক্ষ্যে এবং বর্তমান বন্যা পরিস্থিতি বিবেচনায় ঘরমুখো এবং উত্সব শেষে কর্মস্থলে ফেরা মানুষের নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল লঞ্চ চলাচলের মাধ্যমে যাত্রী পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।