‘দাঙ্গারোধী ভিডিও’ ছেড়ে হংকংয়ের বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিল চীন

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:০৮

দাঙ্গাবিরোধী প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে হংকং-এ মোতায়েন চীনের সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তিন মিনিটের ওই ভিডিওতে চীনের সেনা সদস্যদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। ওই অঞ্চলে টানা আট সপ্তাহের বিক্ষোভের জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এই ভিডিও প্রকাশ করা হলো। ধারণা করা হচ্ছে, বিক্ষোভকারীদের হুঁশিয়ার করতে এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এক সময়কার ব্রিটিশ উপনিবেশ হংকং এখন চীনের অংশ। যদিও ‘এক দেশ, দুই ব্যবস্থা’র অধীনে বেশ কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে গণতন্ত্রপন্থীরা কথিত অপরাধী প্রত্যর্পণ বিল নিয়ে আন্দোলন শুরু করেছে। টানা আট সপ্তাহ ধরে সেই বিক্ষোভ চলছে। এতদিন পর্যন্ত এ বিষয়ে নিশ্চুপ ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তবে বুধবার ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হংকং-এ চীনা সেনানিবাসের কমান্ডার বিক্ষোভের বিষয়ে মুখ খুলেছেন। হংকং ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে ওই অনুষ্ঠানে সেনা কমান্ডার চেন দাওজিয়াং বলেছেন, ‘এসব সহ্য করা উচিত হবে না। আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি।’ তার হুঁশিয়ারির পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে প্রকাশিত ভিডিওতে সারিবদ্ধ সেনা সদস্যদের গার্ড ও লাঠি হাতে দাঙ্গা বিরোধী অনুশীলন করতে দেখা যায়। ভিডিওতে ট্যাঙ্ক, রকেট লাঞ্চার, পানি ছোড়ার মেশিন ও কাঁটা তারের ব্যারিকেড দেখানোর পর ভারী অস্ত্রে সজ্জিত সেনা সদস্যদের হেলিকপ্টার থেকে অবতরণ করে রাস্তায় চলতে চলতে গুলিবর্ষণ করতে দেখা যায়। এই সেনা সদস্যদের বিভিন্ন বাড়ির অভ্যন্তরে ঢুকে পড়ে তল্লাশি চালাতেও দেখা গেছে ওই ভিডিওতে। -বিবিসি