রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিত্সা নিতে যাওয়া নাহিদ নামে ৭ বছরের এক পথশিশুকে গতকাল সকালে চিকিত্সাসেবা দেওয়া হয়নি। হাসপাতালের সামনে চিকিত্সাহীন ওই শিশু অচেতন হয়ে পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েনি। পরে শাহিন নামের এক ব্যক্তির মাধ্যমে পুলিশ ঐ শিশুকে উদ্ধার করে মিরপুরে আল হেলাল স্পেশালাইজড নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিত্সার ব্যবস্থা করান। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। এতে হাসপাতাল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা শুরু হয়।
এদিকে এ ঘটনার পর ডেঙ্গু আক্রান্ত সুবিধাবঞ্চিত পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে চিকিত্সা দিতে সরকারি হাসপাতাল ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুত্ফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার এমডি সাদেকীন প্রমুখ। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, গাবতলী এলাকায় ভবঘুরে এক পথশিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ঐ শিশু শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। পরে দারুস সালাম থানার ওসির মাধ্যমে ওই শিশুকে পুলিশ উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে পথশিশুর চিকিত্সা চলছে।
