তিন বছরের শিশুকন্যাকে চুরি করে নিয়ে গণধর্ষণের পর মাথা কেটে হত্যা

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০০:৩৮

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে তিন বছরের এক শিশুকন্যাকে গণধর্ষণ করে শরীর থেকে মাথা কেটে ফেলা হয়েছে। জামশেদপুরের রেল স্টেশনে ঐ শিশুটি তার মায়ের সঙ্গে যখন ঘুমাচ্ছিল, তখনই তাকে অপহরণ করা হয়। এতে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এর আগেও ধর্ষণের অভিযোগে জেল খেটেছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের একজনের মা ঝাড়খণ্ড পুলিশের কর্মী, অন্যজনের বাবা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের সদস্য।

ঝাড়খণ্ডের পুলিশ বলছে, ২৫ জুলাই রাতে ইস্পাতনগরী বলে পরিচিত জামশেদপুর বা টাটানগর রেল স্টেশনে মায়ের সঙ্গে ছোট্ট শিশুটি ঘুমিয়ে থাকার সময়ই দুই ব্যক্তি তাকে অপহরণ করে। ঐ শিশুটির মা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাড়ি ছেড়ে ওড়িশার দিকে যাচ্ছিলেন এক পুরুষ সঙ্গীর সঙ্গে। পথে টাটানগর স্টেশনে থেমেছিলেন তারা। মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশের কাছে নিজের পুরুষ সঙ্গীর নামেই শিশু অপহরণের অভিযোগ করেছিলেন তিনি। তখন মায়ের পুরুষ-সঙ্গীকে গ্রেফতার করে জেলেও পাঠায় পুলিশ।

কিন্তু তারপরে ক্লোজড সার্কিট টিভির ফুটেজ দেখে শিশুটির অপহরণকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করা হয়।

জামশেদপুরে যে শিশুকন্যাটিকে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলা হয়েছে, তার একটি ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। হাসিখুশি মুখে সোনালি আর সবুজ রঙের চুড়ি হাতে পরে সে যেন কোথাও বেড়াতে যাওয়ার আনন্দে মশগুল। খবর :বিবিসি বাংলা।