কুষ্টিয়া-৩: কোটি টাকার সম্পদের মালিক আমির হামজা, বছরে আয় সাড়ে ৮ লাখ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ২২:০৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুফতি মো. আমির হামজা। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। পাশাপাশি তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা।

হলফনামায় মুফতি আমির হামজা পেশা হিসেবে উল্লেখ করেছেন কৃষি ও ব্যবসা। তার শিক্ষাগত যোগ্যতা এম.টি.আই.এস (মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)। পারিবারিক তথ্যে উল্লেখ করা হয়েছে, স্ত্রী ও তিন কন্যাসহ তার ওপর নির্ভরশীল মোট চারজন সদস্য রয়েছেন।

হলফনামা অনুযায়ী, মুফতি মো. আমির হামজার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। তার কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা ও পেশা থেকে আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। মনোনয়নপত্র দাখিলের সময় তার হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। এছাড়া ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রয়েছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা।

হলফনামায় তার মালিকানাধীন একটি মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা উল্লেখ করা হলেও গাড়িটির ধরন, মডেল কিংবা রেজিস্ট্রেশন নম্বরের কোনো তথ্য দেওয়া হয়নি। এছাড়া তার ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য ৬ লাখ টাকা। ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য দেখানো হয়েছে ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা এবং বাড়ির মূল্য ২০ লাখ টাকা। পাশাপাশি তার মালিকানায় রয়েছে ০.৭৮৩১ একর কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।

হলফনামা অনুযায়ী, মুফতি মো. আমির হামজার স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে মোট প্রায় ৫ লাখ ৫৪ হাজার ৬৩৬ টাকা। এছাড়া তার স্ত্রীর কাছে নগদ ১ লাখ টাকা রয়েছে। স্ত্রীর নামে উপহার হিসেবে পাওয়া আনুমানিক ১০ ভরি স্বর্ণের কথা উল্লেখ করা হয়েছে, যার মূল্য হলফনামায় ৬ লাখ টাকা দেখানো হয়েছে। পাশাপাশি স্ত্রীর মালিকানায় ১২ কাঠা কৃষিজমি রয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে মুফতি আমির হামজার মোট সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা। একই অর্থবছরে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা এবং আয়কর পরিশোধের পরিমাণ ৫৪ হাজার ৯৬০ টাকা।

মুফতি আমির হামজার বিরুদ্ধে ঢাকায় ২টি থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধনী ২০১৩) আইনে দায়ের করা ২টি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।

 
ইত্তেফাক/এমএস