দক্ষিণখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ২১:৫৫

রাজধানীর দক্ষিণখান থানাধীন মৌশাইর এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসানের নেতৃত্বে রাজউক জোন–২/১-এর আওতাধীন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অনুমোদিত নকশা অমান্য করে নির্মাণ করা একাধিক ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। দক্ষিণখান মৌশাইর সাতটি এবং উত্তরখান রাজা বাড়িতে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে ভবন মালিকরা নকশা বহির্ভূত নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে না পারেন। পাশাপাশি সংশ্লিষ্ট ভবন মালিকদের আগামী ৩০ দিনের মধ্যে নিজ উদ্যোগে নকশা বহির্ভূত অংশ অপসারণের অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান বলেন, রাজউকের উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অনুমোদিত নকশা বহির্ভূত কোনো ভবন রাজধানীতে করতে দেওয়া হবে না। আজকের অভিযানে বেশ কয়েকটি ভবনের অবৈধ বর্ধিতাংশ অপসারণ করা হয়েছে। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে এবং ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবন নির্মাণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। 

এ অভিযানে রাজউক জোন–২/১-এর অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ অন্যান্য ইমারত পরিদর্শক এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসএএস