গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত মেলায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্রে করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে এই সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে কাঠালবাড়ীতে মাহফিল উপলক্ষে এই মেলায় হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জনের একদল যুবক লাঠিসোঁটা হাতে মেলায় এসে চাঁদা দাবি করে। এ সময় দোকানদাররা চাঁদা দিতে অস্বীকার করলে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়। এ ঘটনায় কাঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ তাদের বাঁধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আহত জাহাঙ্গীর আলমকে (৪০) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
