বাংলা বানানের নিয়ম-কানুন

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৯:৫৯

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার একটি সংহত লিখিত রূপের জন্য আমাদের উচিত বানান বিষয়ক অপ্রয়োজনীয় সংস্কার ত্যাগ করা এবং নতুন বানান গ্রহণ করার ইচ্ছা পোষণ ও উদ্যোগ নেওয়া। আমরা যদি আমাদের ভাষার লিখিত রূপকে সুসংহত করার প্রচেষ্টায় পিছিয়ে থাকি তবে এই প্রয়োজনকে অন্য কোনো জাতি এসে বাস্তবায়িত করবে না। অনেক সময় আমাদের পেরিয়ে গেছে-এভাবে আরও অনেক সময় পার করা অসম্ভব কিছু নয়। কিন্তু ভাষার লিখিত রূপকে সুসংহত করার জন্য আমাদের ধীরগতি প্রয়োজনের তুলনায় অতি বেশি ধীর।

 

বন্ধুরা, এসো আমরা নাই, নেই, না, নি শব্দগুলোর ব্যবহার জেনে নেই।

নাই, নেই, না,  এই নঞর্থক অব্যয় পদগুলি শব্দের শেষে যুক্ত না হয়ে পৃথক থাকবে। যেমন : বলে নাই, পাব না, তার মা নাই, আমার ভয় নেই।

তবে নি শব্দটির একক কোনো অর্থ না থাকায় এটি ক্রিয়াপদের সাথেই বসবে। যেমন: আমি যাইনি, সে আসেনি।

তবে শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরূপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে।

 

যেমন:নারাজ, নাবালক, নাহক।

অর্থ পরস্ফুিট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে, না-এর পর হাইফেন ব্যবহার করা যায়। যেমন: না-বলা বাণী, না-শোনা কথা, না-গোনা পাখি।

বন্ধুরা, দৈনন্দিন জীবনে ‘লক্ষ এবং লক্ষ্য’ শব্দ দুটি আমরা ব্যবহার করে থাকি। এবং এ দুটি শব্দের ব্যবহারে আমরা অনেকেই ভুল করে থাকি। এসো এ শব্দ দুটির সঠিক ব্যবহার আমরা দেখে নেই।

লক্ষ/ লক্ষ্য : লক্ষ করে দেখো , তাজউদ্দীনের লক্ষ্য ছিল জনকল্যাণ।

বন্ধুরা, শব্দ দুটির অর্থ, আচরণ এবং দ্যোতনাগত পার্থক্য রয়েছে। আমরা সকলেই জানি যে, ‘লক্ষ’ শব্দের অর্থ ১০০ হাজার। যেমন : দশ লক্ষ টাকা আমার খুব প্রয়োজন। আবার খেয়াল রাখা প্রকাশেও ‘ লক্ষ’ ব্যবহার করা হয়। এটি তখন হয় ক্রিয়াপদ। যেমন : বাগানের দিকে লক্ষ রেখো।

বিশেষ্য হিসেবে ব্যবহার করা হলে  লক্ষ বানানে য-ফলা ( লক্ষ্য ) ব্যবহার করতে হয় কিন্তু ক্রিয়াপদ ও সংখ্যাবাচক পদ হিসেবে ব্যবহারের ক্ষেত্রে ‘য- ফলা’ ব্যবহার বিধেয় নয়। সাধারণত উদ্দেশ্য প্রকাশের জন্য ’লক্ষ্য’ ব্যবহার করা হয়। যেমন : জীবনের লক্ষ্য পূরণে চেষ্টা করো। তবে লক্ষ্য করো- বললে মনোযোগ অর্থও প্রকাশ করে।

নিচের উদাহরণগুলো দেখা যাক-

ক.  আমার দুই লক্ষ টাকা প্রয়োজন, সে লক্ষ লক্ষ টাকা কামাই করছে।( অংক সংখ্যা )

খ.আমার লক্ষ্য দেশের উন্নতি করা, তোমার জীবনের লক্ষ্য কী? (উদ্দেশ্য অর্থে ) গ. নিজের ঘর সংসারের দিকে তার কোনো লক্ষ নেই, বোর্ডের দিকে লক্ষ করো। (দৃষ্টি, নজর অর্থে)

ঘ. নিজের ঘর সংসারের দিকে সে কোনো লক্ষ্যই করে না, বোর্ডের দিকে লক্ষ্য করো। (মনোযোগ অর্থে)

চলো বন্ধুরা ,আমরা আরও একটি উদাহরণ লক্ষ করি-

## লক্ষ না থাকায় লক্ষ টাকা বেহাত হয়ে গেলো। এতে করে আমার জীবনের লক্ষ্যই ধূলিস্যাত্ হয়ে গেলো। ##

বন্ধুরা আমরা আমাদের সৃজনশীলতা দিয়ে তোমাদেরকে বাংলা বানান শেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এতে তোমরা উপকৃত হবে।

 

( সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা লেখার নিয়ম-কানুন- হায়াত্ মামুদ এবং প্রায়োগিক বাংলা, বাওবি )

বন্ধুরা আরও জানতে চোখ রাখো ফেইসবুক পেইজে  “বাংলা বানানের নিয়ম-কানুন” গ্রুপে এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার অনুশীলন পাতায়। আমরা আছি তোমাদের সাথে নতুন নতুন বানান নিয়ে।