যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে এক নারীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত এক আইসিই এজেন্টের পক্ষে অবস্থান নিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তিনি দাবি করেছেন, নিহত নারী গাড়ি দিয়ে ওই এজেন্টকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আত্মরক্ষার উদ্দেশ্যেই গুলি চালানো হয়।
তবে সিএনএন পর্যালোচিত ঘটনার তিনটি ভিডিওতে পরিস্থিতির ভিন্ন দিক উঠে এসেছে। ভিডিওগুলোতে গুলির আগের মুহূর্তগুলো পুরোপুরি স্পষ্ট নয়, ফলে ঠিক কী ঘটেছিল- তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।
নিহত নারীর নাম রেনি নিকোল গুড (৩৭)। তিনি একজন মার্কিন নাগরিক এবং তিন সন্তানের মা। সম্প্রতি তিনি মিনেসোটায় বসবাস শুরু করেন। এর আগে জীবনের বেশিরভাগ সময় কলোরাডোতে কাটিয়েছেন তিনি।
এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, তিনি গত কয়েক সপ্তাহ ধরেই সতর্ক করে আসছিলেন- তার রাজ্যে আইসিই কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
অন্যদিকে, মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে হোমল্যান্ড সিকিউরিটির বক্তব্যের বিরোধিতা করে বলেন, আইসিই এজেন্টদের মিনিয়াপলিস ছেড়ে চলে যাওয়া উচিত।
