প্রায় ২ বছর তিতাস উপজেলার বাতাকান্দি থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা মেরামত না হওয়ায় বর্তমানে বৃদ্ধ, অসুস্থ রোগী ও শিশুদের নিয়ে এই রাস্তায় চলাচল করা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। তাছাড়া বারকাউনিয়া থেকে চরকুমারিয়া-সরস্বতীর চর হয়ে কৃষ্ণপুর পর্যন্ত মাত্র দেড় কিলেমিটার কাঁচা-ভগ্ন রাস্তাটি ২ বছর ধরে শুধু শুনেছি পাকা করা হবে। এজন্য নাকি বরাদ্দও আছে। দুবার টেন্ডার করেও উপযুক্ত ঠিকাদার পাওয়া যাচ্ছে না বলে গুরুত্বপূর্ণ রাস্তার কাজটিও হচ্ছে না। ফলে জনগণের দুর্ভোগ বাড়ছে। উল্লেখ্য যে, এ এলাকার অধিকাংশ কর্মজীবী মানুষই বিদেশে কর্মরত এবং তারা দেশের জন্য কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রাস্তাটি মেরামত না হওয়ায় বলা যায় এলাকার প্রায় ২০ হাজার লোকের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। আগে চরকুমারিয়া থেকে বাতাকান্দি পর্যন্ত নিয়মিত ইঞ্জিনচালিত নৌকা বা ট্রলার চলাচল করত বলে যাতায়াতের তেমন অসুবিধা হতো না। কিন্তু রাস্তা হওয়াতে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। আশা করি, জনস্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে যাতায়াতের দুর্ভোগ ঘোচানো হবে।
মো. এমদাদুল হক বাদশা
চরকুমারিয়া, তিতাস, কুমিল্লা
